১৯৪৭ সালে দেশ ভাগের পরেই পাকিস্তানি শাসকগোষ্ঠীর আচার-আচরণে বাঙালি বুঝে ফেলে এই শাসকগোষ্ঠীর সঙ্গে থাকা সম্ভব না। বিশেষত ভাষা আন্দোলনে ছাত্র হত্যার পর বাঙালি যেন নড়ে-চড়ে বসে। যার পুরোটা দেখা যায় ও সময়কার সাহিত্য-সংকলন ও পত্র-পত্রিকায়। ভাষা আন্দোলনের উপর প্রথম উপন্যাস লেখেন জহির রায়হান। পঞ্চাশের দশকে এটি একটি পত্রিকায় ছাপা হয়েছিল, উপন্যাসটি বই আকারে বের হয় ১৯৬৯-এ। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের ওই বছরই জহির রায়হান নির্মাণ করেন তার বিখ্যাত সিনেমা ‘জীবন থেকে নেয়া’।
জহির রায়হান ছিলেন অসম মেধাবী সাহিত্য ও চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। যিনি শুধু একজন প্রখ্যাত সাহিত্যিকই নন, একাধারে ছিলেন গল্পকার, ঔপন্যাসিক, সাংবাদিক ও চলচ্চিত্র পরিচালক। ভাষা আন্দোলনের উপর রচিত তার ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯৬৯ সালে। ‘আরেক ফাল্গুন’ কাহিনীর স্থিতিকাল মাত্র তিন দিন দুই রাত। প্রথম দুদিন এবং দুই রাত ধরে চলেছে একুশে ফেব্রুয়ারি পালনের বিরামহীন প্রস্তুতি। এরপর তৃতীয় দিনে শহীদ দিবস পালনের মিছিলে ছাত্র-পুলিশ সংঘর্ষ এবং প্রতিবাদী ছাত্রদের গ্রেপ্তার করে দমিয়ে রাখার ব্যর্থ প্রয়াস চিত্রায়ণের মাধ্যমে জেলগেটের সামনে এ উপন্যাসের পরিসমাপ্তি ঘটেছে। উপন্যাসের শুরুটা বেশ নাটকীয়।
সকালে কুয়াশায় ঢাকা পড়েছিল পুরো আকাশটা। আকাশের অনেক নিচু দিয়ে মন্থর গতিতে ভেসে চলেছিল এক টুকরো মেঘ। উত্তর থেকে দক্ষিণে। রঙ তার অনেকটা জমাট কুয়াশার মতো দেখতে। ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে ঠিক সেই মেঘের মতো একটি ছেলেকে হেঁটে যেতে দেখা গেল নবাবপুরের দিকে। দক্ষিণ থেকে উত্তরে। পরনে তার সদ্য-ধোয়ানো সাদা সার্ট। সাদা প্যান্ট। পা-জোড়া খালি। জুতো নেই। সিপাহি বিদ্রোহের নির্মম স্মৃতি বিজড়িত ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে এই মেঘের মতো হেঁটে যাওয়া ছেলেটিই ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মুনিম। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা। জহির রায়হান সিপাহি বিদ্রোহের সাথে বায়ান্ন’র ভাষা আন্দোলন থেকে জন্ম নেয়া প্রতিবাদী চেতনার এক অপূর্ব সম্মিলন ঘটিয়েছেন এ উপন্যাসের শুরুতে।
স্বৈরাচারী সরকারের সকল বাধা উপেক্ষা করে শহীদ দিবসকে যথাযথ মর্যাদায় পালনের উদ্দেশ্যে মুনিমের মতো আসাদ, সালমা, নীলা, রানু, বেনু, রাহাত, কবি রসুল দিন রাত কাজ করে যায়। পোস্টার ও লিফলেট ছাপানো, কালো ব্যাজ বিতরণ, স্লোগান ও অন্যান্য সাংগঠনিক কর্মকাণ্ডে সকলেই অত্যন্ত সক্রিয়। সকল অন্যায়ের বিরুদ্ধে ছাত্রসমাজ কীভাবে রুখে দাঁড়ায় এবং প্রতিরোধে কীভাবে নিজেকে প্রস্তুত করে, তার একটি অনন্য চিত্র প্রতিফলিত হয়েছে এ উপন্যাসে।
প্রিয়জন হারানোর বেদনা, ছাত্র-ছাত্রীদের মধ্যকার প্রেম-ভালোবাসা ও হদয়ঘটিত অনুভূতির সুন্দর চিত্র ফুটে উঠেছে এই উপন্যাসে। শহীদ দিবস পালনে বাধার সম্মুখীন হয়ে প্রতিবাদের অংশ হিসেবে প্রেমিকা ডলির জন্মদিনের উৎসবেও মুনিম হাজির হয় খালি পায়ে। প্রেমিকা ডলি তাকে খালি পায়ে দেখে অস্থির হয়ে বলে, ‘আমায় অমন করে অপমান করতে চাও কেন শুনি?- এখানে জুতো পায়ে দিয়ে এলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না!’ এরপর তাকে ডলির বাবার জুতা পরার পরামর্শ দিলে মুনিম উত্তর দেয়, ‘জানো তো আমরা তিন দিন খালি পায়ে হাঁটা-চলা করছি- আমায় তুমি ইমমোরাল হতে বলছো?’ ক্রোধান্বিত ডলির সাথে সাময়িক বিচ্ছেদ ঘটে মুনিমের। মুনিমের মতো আরেকজন আপসহীন একনিষ্ঠ বিপ্লবী ছাত্রকর্মী আসাদ। কোনো প্রতিকূলতাই তাকে আন্দোলনের মাঠ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। বিভিন্ন স্থানে যোগাযোগ করে কালো ব্যাজ ও কালো পতাকা বিতরণসহ সব কাজে সে ছিল ক্লান্তিহীন।
এজন্য উপন্যাসের শেষের দিকে মুনিমের চেয়ে আসাদ চরিত্রটিই বিশেষ আলো ছড়ায়। অন্যদিকে মেডিক্যালের ছাত্রী সালমা কারারুদ্ধ বিপ্লবী রওশনের স্ত্রী। স্বামীর জন্য হদয়ে গভীর ভালোবাসা লালন করে আন্দোলনে সে অত্যন্ত কঠোর। রাজশাহী জেলে পুলিশ গুলি চালালে রওশন তার হাত দুটি হারায়। স্বামী রওশনের খণ্ডিত হাত আর কখনো স্লোগানে উত্তেজিত হবে না, সালমার এমন বেদনা পাঠকদেরকে আবেগাপ্লুত করে। ছাত্রদের সংগ্রামী চেতনার পাশাপাশি উপন্যাসে উঠে এসেছে সুবিধাবাদী গোষ্ঠীর চরিত্র। ছাত্রদের মাঝে লুকিয়ে থাকা গুপ্তচর থেকে বিশ্ববিদ্যালয়ের হলের মেরুদণ্ডহীন প্রক্টরের বিবেকহীনতার চিত্র প্রতিফলিত হয়েছে এ উপন্যাসে।
উপন্যাসের অন্যান্য চরিত্র- নীলা, রানু, বেনু, রাহাত, কবি রসুল প্রমুখও রাজপথে তাদের আন্দোলন নিষিদ্ধ জেনেও পিছু হটে না। একুশে ফেব্রুয়ারি সকল ভয়-ভীতি উপেক্ষা করে তারা কালো পতাকা উত্তোলিত করে। ছাত্রদের স্লোগান ও ব্যারিকেড ভেঙে পুলিশ লাঠিচার্জ করে, এরপর মেডিক্যালের ব্যারাক ঘেরাও করে ছাত্রছাত্রীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর সকাল ১০টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা এসে যখন বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েত হতে শুরু করে এবং সেখানে কালো পতাকা উত্তোলন হয়, সেখানেও পুলিশ গুলি চালায়, অনেক ছাত্র-ছাত্রী আহত হয় আবার অনেককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। প্রিজন ভ্যানে উঠে তারা স্লোগান দিতে থাকে ‘শহীদের খুন ভুলব না, বরকতের খুন ভুলব না’; ‘শহীদ স্মৃতি অমর হোক’। মূলত সংগ্রামী চেতনার সাথে লেখকের রোমান্টিক দৃষ্টিভঙ্গির নিবিড় সম্মিলন ঘটেছে এ উপন্যাসে।’
নাম ডেকে ডেকে ছেলেমেয়েদের ঢোকানো হচ্ছিল জেলখানায়। নাম ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব। এক সময় বিরক্তির সঙ্গে বললেন, উহ অত ছেলেকে জায়গা দেব কোথায়? জেলখানাতো এমনি ভর্তি হয়ে আছে। তখন কবি রসুল চিৎকার করে বলছিল, জেলখানা আরও বাড়ান সাহেব। এত ছোট জেলখানায় হবে না। আরেকজন বলল, এতেই ঘাবড়ে গেলে নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। জহির রায়হানের এই উপন্যাস একটি মাইলফলক রচনা। ভাষা আন্দোলন ও সময়ে ছাত্র-জনতার ভেতরে কত প্রভাব বিস্তার করেছিল এ উপন্যাসের মধ্য দিয়ে সেটা স্পষ্ট হয়। ভাষা আন্দোলন স্বাধীনতার প্রথম সোপান হলে এসব সাহিত্য তার দলিল দস্তাবেজ। এগুলোকে সংরক্ষণ শুধু না ইতিহাসসহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার।
মানবকণ্ঠ/আরএইচটি

